ভারী বৃষ্টিতে সাময়িক বন্ধ সাজেক ভ্যালি

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

টানা ভারী বৃষ্টি, পাহাড়ধসের আশঙ্কা এবং যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙামাটিতে চলমান ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। একই সঙ্গে রাঙামাটিতে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *