ইন্দোনেশিয়াকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

2 Min Read

প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ভারত ও ইন্দোনেশিয়া। এর অংশ হিসেবে ইন্দোনেশিয়াকে ভারতের তৈরি ব্রহ্মোস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দেশটির প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর ভারতের এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়ায় রয়েছেন মোদি। তাঁর সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল প্রতিরক্ষা সহযোগিতা। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দুই দেশের মধ্যে ‘ব্রহ্মোস সিস্টেমে সহযোগিতা’ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

এ ছাড়া আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এয়ার-টু-এয়ার মিসাইল) নিয়েও সহযোগিতার বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে। তবে এসব চুক্তির আর্থিক ও কারিগরি বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বৈঠকের পর মোদি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বাড়তে থাকা পারস্পরিক আস্থা প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, দুই দেশ প্রতিরক্ষা বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে। পাশাপাশি ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের কোস্টগার্ড একসঙ্গে কাজ করবে।

ভারত ও ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ও ইস্পাত শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছে। ইন্দোনেশিয়ায় গুরুত্বপূর্ণ খনিজের বড় মজুত রয়েছে।

মোদি বলেন, স্টেইনলেস স্টিল এবং বিরল মৃত্তিকা (রেয়ার আর্থ) চুম্বক উৎপাদনের ক্ষেত্রে দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে নতুন অংশীদারত্ব তৈরি হচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো বলেন, অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

- Advertisement -

এ ছাড়া মধ্য জাভার যোগ্যাকার্তায় অবস্থিত ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন দুই নেতা। বুধবার মোদি ও প্রবোও একসঙ্গে মন্দিরটি পরিদর্শন করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী মোদি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *