বিদ্যুৎ বিতরণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read
ছবি : বাসস

ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাতকে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে সেবার মান উন্নয়ন, বিল আদায়ে দক্ষতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করা। তবে বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি সরবরাহ সরকারের নিয়ন্ত্রণেই থাকবে বলে তিনি জানান।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার জন্য ইতোমধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। তাঁর মতে, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়লে গ্রাহকসেবা আরও উন্নত হবে, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং সরকারের ওপর পরিচালনাগত চাপও কমবে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বক্তব্যে মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, অতীতে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হলেও সেই অনুযায়ী গ্যাস অনুসন্ধান ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন হয়নি। বর্তমানে দেশে প্রায় ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ফলে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি অবকাঠামোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা পুরো ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এলএনজি আমদানির জন্য আরও অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গেও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ক্লাস্টারভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এ-সংক্রান্ত দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। কয়েকটি চীনা প্রতিষ্ঠান এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে বাংলাদেশে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। পাশাপাশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে কর ছাড় ও হোল্ডিং ট্যাক্সে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে।

খুলনায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গ তুলে ইকবাল হাসান মাহমুদ বলেন, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত না করেই ওই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন নির্মাণ না হওয়ায় বিদ্যুৎকেন্দ্রটির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়েছে। ফলে বাংলাদেশকে স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে গ্যাস আমদানি করতে হচ্ছে।

- Advertisement -

সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জ্বালানি খাতের বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক খাতের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *