সিভিল ড্রেসে আসামি ধরায় নিষেধাজ্ঞা, পুলিশে তেলবাজি বন্ধের নির্দেশ

যশোর প্রতিনিধি

2 Min Read
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ছবি - সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না। একইসঙ্গে তিনি পুলিশে “তেলবাজি ব্যবস্থা” বন্ধের নির্দেশ দেন এবং কমিউনিটি পুলিশিংকে জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান চালাতে হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদেরও নজরে রাখতে হবে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে তিনি বলেন, অ্যাকশন না নিলে চাকরি থাকবে না। নিরাময় কেন্দ্র নয়, আমরা মাদক বন্ধ করতে চাই।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর পুলিশে নিয়োগ ও বদলির নামে চলা বাণিজ্য অনেকাংশে বন্ধ হয়েছে। ওসিদের ঘুষ নেওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

তদবির প্রথা নিয়েও কড়া অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন,

  আমার পরিচয় দিয়ে কেউ তদবির করলে, আগে চা-নাস্তা খাওয়ান, পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিনজন উপদেষ্টা যশোরের ভবদহ এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *