ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৩

3 Min Read

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী শনিবার (১৪ জুন) ভোরে মারা গেছেন। এর মধ্য দিয়ে ইরানের সাম্প্রতিক পাল্টা আঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। তেহরানের চতুর্থ দফা হামলার পর আরেকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার রাতে ইসরায়েলের দুটি হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই হামলার পর দেশটির কেন্দ্রীয় গুশ দান এলাকায় জরুরি হটলাইন ‘১০২’-এ কলের বন্যা বয়ে যায় বলে জানিয়েছে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, তেল আবিব ও রামাত গানে ক্ষেপণাস্ত্র আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের দলগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ আটকে পড়েছেন। রামাত গানের একটি ভবনের কাঠামোগত ক্ষতির পাশাপাশি সেখানেও আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ (এমডিএ) জানিয়েছে, হামলায় আহত অন্তত ৬৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে, ১৩ জন বেলিনসন হাসপাতালে এবং ১৯ জনকে ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এমডিএ’র উদ্ধারকারী দল গুশ দান এলাকার সাতটি স্থানে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। সংস্থার ডেপুটি ডিরেক্টর হ্যারেল শাশন বলেন, “ক্ষেপণাস্ত্র আঘাতে বিধ্বস্ত এক ভবনে উদ্ধার অভিযানে গিয়ে আমরা ৭০ বছর বয়সী এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। তাকে সিপিআরসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়, তবে পরদিন তিনি মারা যান।”

তিনি আরও জানান, একই ভবন থেকে মুখে গোলার টুকরার আঘাত পাওয়া এক পুরুষ এবং মোটামুটি আহত এক নারীকে চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সামান্য আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পর এখনো উদ্ধার ও চিকিৎসা দল ঘটনাস্থলে অবস্থান করছে এবং আটকে পড়াদের সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করছে।

১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান

ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা জবাবে ইরান ১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এর পরই দেশটিতে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়।

- Advertisement -

প্রাথমিক প্রতিরক্ষা বিশ্লেষণে জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলোর একটি বড় অংশ ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে ছোঁড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কাজ করতে দেখেছেন।

এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানে একাধিক স্থানে টার্গেট করে হামলা চালায়। পরদিন দুপুরে আবারও দেশটি কয়েকটি আঘাত হানে ইরানের ভূখণ্ডে।

রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি হামলায় দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২০ জন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

- Advertisement -

ইসরায়েল-ইরান সংঘর্ষের এই চতুর্থ দফা পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *