৫৭ কলেজ থেকে শেখ পরিবার ও আওয়ামী নেতাদের নাম বাদ, প্রকাশিত হয়েছে তালিকা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ ঘরানার নেতাদের নাম বাদ দিয়ে নতুনভাবে নামকরণ করা হয়েছে। সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজগুলোকে নবনির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২৮ মে ২০২৫ তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালের চিঠির আলোকে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কলেজগুলোকে তাদের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষাগত নথিপত্র, অফিসিয়াল নেমপ্লেট, ওয়েবসাইট এবং চিঠিপত্রসহ সব ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহার করতে হবে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগকে ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ই-মেইলে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নামকরণে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, ঢাকার পল্লবী, টাঙ্গাইল, মাগুরা, খুলনা, নীলফামারী, ঝিনাইদহ, বাগেরহাট, ফরিদপুর, রংপুর, রাজবাড়ী, চাঁদপুর, শরীয়তপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, জয়পুরহাটসহ বিভিন্ন জেলার কলেজগুলোর আগের নাম বাদ দিয়ে সংশ্লিষ্ট জেলার বা এলাকার নাম যুক্ত করে পুনঃনামকরণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, পল্লবী, ঢাকা’ এখন ‘পল্লবী সরকারি কলেজ’ নামে, ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ’ এখন ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামে, ‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা’ হয়েছে ‘ভোলা সরকারি মহিলা কলেজ’ নামে পরিচিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিবর্তিত নাম অনুসারে সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষা কার্যক্রম এবং অফিসিয়াল যোগাযোগ কার্যক্রম অবিলম্বে নতুন নামে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *