ক্লাসে না ফেরার ঘোষণা ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সব দাবি পূরণ না হওয়ায় ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলমের সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তারা এখনই শ্রেণিকক্ষে ফিরছেন না। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান তারা।

আবাসনসহ পাঁচ দফা দাবিতে গত ২৮ মে থেকে ক্লাস বর্জন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যেই গত শনিবার কর্তৃপক্ষ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

শিক্ষার্থীদের দাবি, চলমান সংকট নিরসনে তারা সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জানানো হয়, সরকারি মেডিকেল কলেজগুলোর জন্য নেওয়া ১৯টি হল নির্মাণ প্রকল্পে ঢাকা মেডিকেলের জন্য দুটি হলের সমপরিমাণ বাজেট বরাদ্দ থাকবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় একনেক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় এটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলেও আশ্বাস দেন তিনি।

পরদিন মঙ্গলবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে পুনরায় বৈঠকে বসেন শিক্ষার্থীরা। তবে কে-৮২ ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আবাসনের বিষয়ে সন্তোষজনক কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন তারা।

শিক্ষার্থীরা জানান, পরিত্যক্ত ভবনের ঝুঁকিপূর্ণ রুমে কে-৭৮ থেকে কে-৮১ ব্যাচের শিক্ষার্থীদের সাময়িকভাবে স্থানান্তর করা হলেও কে-৮২ ব্যাচের জন্য এখনো কোনো নির্দিষ্ট আবাসন নিশ্চিত করা হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও কোনো নির্দিষ্ট সময়সীমা বা পরিকল্পনা উপস্থাপন করেননি।

তারা বলেন, শুধুমাত্র ঘোষণা বা প্রতিশ্রুতির ভিত্তিতে আন্দোলন বন্ধ করা যাবে না। স্থায়ী ও নির্ভরযোগ্য সমাধান ছাড়া ক্লাসে ফেরার প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, আন্দোলনের মধ্যেই রোববার কলেজ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীরা বৈঠক করলেও তাতে কোনো আশ্বাস না পাওয়ায় তারা হল না ছেড়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েও তারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক করেন।

সেখান থেকে ফিরে শিক্ষার্থীরা জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবারের বৈঠকের পর। শেষ পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় অটল থাকলেন।

- Advertisement -

ঢামেকে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হোস্টেল ছাড়তে নির্দেশ

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *