গাজীপুরের জয়দেবপুর থানায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে থানার ভিতরে ঢোকার পর তার সন্দেহজনক আচরণে বিষয়টি ধরা পড়ে।
তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, পাওনা টাকা আদায় সংক্রান্ত একটি অভিযোগ জানাতে থানায় গিয়ে নিজেকে নারী উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন তিনি। কিন্তু দায়িত্বে থাকা এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করলে তা কর্মকর্তাদের নজরে আসে এবং সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালানো হয়। তখন দেখা যায়, তানিয়ার পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
পরে তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয় এবং বাসায় অভিযান চালিয়ে আরও ইউনিফর্ম ও পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং এসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, তানিয়াকে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য, পুলিশের পোশাকের উৎস এবং কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে।
