উত্তরায় বিমান বিধ্বস্তে প্রাণহানি ১৯ জনের, মঙ্গলবার শোক পালনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।

ঘটনার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার কারণে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির দুটি প্লাটুন মোতায়েন করা হয়েছে। দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এর আগে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন বলে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর দুর্ঘটনায় পড়ে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *