কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, নিহত বেড়ে ৫

জাফর আলম, কক্সবাজার:

2 Min Read

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার রশিদনগর এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক হাবিব উল্লাহ (৫০), যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩), এবং রেনু আরার দুই শিশু সন্তান—তিন বছরের আশেক উল্লাহ ও দেড় বছরের আতা উল্লাহ।

স্থানীয় রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য বদি আলম বলেন, অটোরিকশাটি রেলক্রসিং অতিক্রম করতে গিয়ে রেললাইনের উপর উঠে পড়ে। ঠিক তখনই ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এসে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, ঘটনাস্থলেই যাত্রীদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

রামু রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন, দুর্ঘটনার পর ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস গন্তব্যে চলে গেলেও, ঘটনাস্থল থেকে কিছুদূরে পানিরছড়া এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে রাখে বিক্ষুব্ধ স্থানীয়রা। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা ট্রেনটি ছেড়ে দেয়।

ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলক্রসিংটিতে কোনও গেট বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না থাকায় প্রায়ই ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করতে হয়। দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *