ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি ঈমানি দায়িত্বও: সিইসি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাওয়ায় ভোটারদের কেন্দ্রে আনা এখন বড় চ্যালেঞ্জ।

শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে আয়োজনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে কমিশন। নির্বাচন কাঠামো ও জনবলসহ সবকিছু গুছিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কেউ কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য।

গত নির্বাচনে দায়িত্বে থেকে যেসব প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণে সমস্যা সৃষ্টি করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন সিইসি।

নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি ঈমানি দায়িত্বও।”

সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করে সিইসি জানান, এসব মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা সংবাদ সংগ্রহে পূর্ণ স্বাধীনতা পাবেন, তবে ভোটকেন্দ্রের ভেতর সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও বিভাগের সব জেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *