সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, সেমাই কারখানা দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী প্রতিষ্ঠানটির কর্মকর্তা।
অভিযোগকারী জেসমিন আক্তার লিপি, শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় সুপরিচিত এই প্রতিষ্ঠান ২০২২ সালে তালা উপজেলার আটারই গ্রামে ১৩ শতক জমির ওপর “শপিং ভ্যালী সেমাই কারখানা” প্রতিষ্ঠা করে। জমিটি স্থানীয় ইমরান হোসেন রিপনের কাছ থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকায় ১০ বছরের জন্য লিজ নেওয়া হয়। পরে একই ব্যক্তির কাছ থেকে আরও ২০ শতক জমি কিনে কোম্পানির নামে রেজিস্ট্রি করা হয়। চার বছর ধরে ওই জমিতে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন হয়ে আসছে।
জেসমিন আক্তারের অভিযোগ, সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে কারখানাটি দখলের চেষ্টা শুরু করেন। তিনি নিয়মিত চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তাদের হত্যার হুমকি দেন। অভিযোগে বলা হয়েছে, গত ১৩ জুলাই সকালে তিনি কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ করে দেন, ভাঙচুর চালান, কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ ও হুমকির কল রেকর্ড তাদের কাছে সংরক্ষিত আছে। প্রাথমিকভাবে থানায় অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। পরে আদালতে মামলা দায়ের করা হলে রফিকুল ইসলাম আরও ক্ষিপ্ত হয়ে পুরো কারখানার কার্যক্রম বন্ধ করে দেন। এতে প্রায় ৩০ জন শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন এবং উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে রফিকুল ইসলাম দাদু ভাইয়ের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন, “দলের মধ্যে কোনো দখলদার বা চাঁদাবাজের জায়গা নেই। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
