টিউলিপের চিঠি পাননি ইউনূস, জানালেন প্রেস সচিব

2 Min Read

যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখনো পাননি বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ জুন) বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, “টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি আমরা এখনো পাইনি। ৫ জুন থেকে আমরা ছুটিতে আছি।”

এর আগে, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক। সেখানে তিনি আশা প্রকাশ করেন, এই সাক্ষাতের মাধ্যমে ঢাকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে তার এবং তার মায়ের বিরুদ্ধে আনা অভিযোগ সংক্রান্ত “ভুল বোঝাবুঝি” দূর করা যাবে।

চিঠিতে টিউলিপ উল্লেখ করেন, “আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মেছি এবং হ্যাম্পস্টেড ও হাইগেটের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দশ বছর ধরে দায়িত্ব পালন করছি। বাংলাদেশ আমার হৃদয়ের কাছাকাছি থাকলেও এটি আমার কর্মজীবনের কেন্দ্র নয়।”

তিনি আরও লেখেন, বাংলাদেশে তার কোনো সম্পত্তি বা আর্থিক স্বার্থ নেই। দুর্নীতির অভিযোগকে তিনি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন” বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, বাংলাদেশি কর্তৃপক্ষ তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ না করে গণমাধ্যমে তথ্য ফাঁস করে যাচ্ছে।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ তোলে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে ৭,২০০ বর্গফুটের একটি জমি গ্রহণ করা হয়েছে। টিউলিপ এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

টিউলিপ সম্প্রতি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’ পদ থেকে সরে দাঁড়ান। যদিও যুক্তরাজ্যের কোনো তদন্তে তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। বরং নিজেই নিজেকে সরকারের নৈতিক আচরণ পর্যালোচনায় উপস্থাপন করে নির্দোষ প্রমাণ করেছেন।

এদিকে আগামী ৯ জুন ড. ইউনূস লন্ডন সফরে যাচ্ছেন। সফরকালে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে “কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড” গ্রহণ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *