সমাজের সিদ্ধান্ত ও ন্যায়বিচার মসজিদের মিম্বর থেকেই আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, যখন মসজিদের ইমামই সমাজের ইমাম হিসেবে নেতৃত্ব দেবেন, তখনই দেশের প্রকৃত মুক্তি আসবে।
রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমাদের ইমাম–খতিবরা কারও করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না। তাঁদের প্রকৃত মর্যাদা ফিরিয়ে দিতে হবে। মসজিদ কমিটিগুলো গঠিত হবে ইমাম ও খতিবদের পরামর্শে।
তিনি আরও বলেন, দেশে মানবিক সমাজ গড়ে তুলতে হলে আইন পরিচালিত হতে হবে কোরআনের নীতিতে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।মসজিদে যিনি নামাজ পড়ান, তিনিই সমাজেরও ইমাম হবেন। নবীজির দেখানো পথ ছাড়া কোনো ব্যবস্থাই সত্যিকারের শান্তি আনতে পারবে না, যোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানদের সকল গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মকাণ্ডে ইমামরা নেতৃত্ব দেন। তাই সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও মসজিদের মিম্বর থেকেই আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।
