আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজনের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও স্পষ্টভাবে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। একই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে নতুন করে অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্স বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতে সফরে না যাওয়ার বিষয়ে নিজেদের পূর্বঘোষিত অবস্থান পুনরায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে আইসিসির প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র জানায়, খুব শিগগিরই টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। এর আগে অংশগ্রহণকারী দেশগুলোর অবস্থান চূড়ান্ত করা প্রয়োজন। সময় স্বল্পতার বিষয়টি উল্লেখ করে আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানালেও বাংলাদেশ বোর্ড তাদের অবস্থানে অনড় রয়েছে।
এ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
