স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনবল ঘাটতি পূরণে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখা ও সেবার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংসদে দেওয়া তথ্যে তিনি উল্লেখ করেন, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে আরও ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়।
একই অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনর প্রশ্নের জবাবে মন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় ব্যয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে মোট ৪ হাজার ৬৪৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়।
এর মধ্যে ভ্যাকসিন ক্রয়ে ব্যয় হয়েছে প্রায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা, সিরিঞ্জ ক্রয়ে ৩০ কোটির বেশি এবং ভ্যাকসিন পরিবহনে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া সিরিঞ্জ পরিবহনের জন্য শিপিং চার্জ বাবদ প্রায় ১ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
