নিকারের অনুমোদন: হচ্ছে তিন নতুন উপজেলা, একটি নতুন থানা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠক অনুষ্ঠিত। ছবি: পিএমও

প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে আরও তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো, চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা নামে নতুন একটি থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে তৈরি হবে বাঙ্গরা উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে দক্ষিণ গফরগাঁও উপজেলা।

এ ছাড়া রাজউকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও অনুমোদন দিয়েছে নিকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *