সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারণা সামগ্রীতে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে বলা হয়, নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর করতে হবে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।
এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারণা সামগ্রী তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
পরিপত্র জারির প্রেক্ষাপট সম্পর্কে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, আজ সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে টানানো ব্যানার–ফেস্টুনে নিজের ছবি দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিপরিষদ সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সেই নির্দেশনার পরই মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে সরকারি অনুষ্ঠানের প্রচারণা সামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত জানায়।
