ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে থাকা ভোটারদের ভোট গ্রহণের মাধ্যমে দিনব্যাপী এ ভোট কার্যক্রম সম্পন্ন হয়।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিকাল সাড়ে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন, তাদের সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর নতুন করে কাউকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। গুলশান, বনানী ও ধানমন্ডিসহ বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ১২ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
ভোটগ্রহণ শেষে এখন শুরু হয়েছে ব্যালট গণনার প্রস্তুতি। সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশেই ফলাফল ঘোষণা করা হবে।
