নিউইয়র্কে বাংলাদেশ–পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, গুরুত্ব পেল নিরাপত্তা সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান প্রতিরোধ, পুলিশ প্রশিক্ষণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারে একমত হয়েছেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি)–সংক্রান্ত জটিলতার বিষয়টিও তুলে ধরেছে বাংলাদেশ।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী নেতৃত্ব দেন।

বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, গত মে মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় মাদক ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার প্রতিরোধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৪ বছর পর চলতি বছরের জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের জনগণের যোগাযোগ ও বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের নাগরিকত্ব-সংক্রান্ত সমস্যার বিষয়টিও তুলে ধরা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনীয় পারিবারিক কাগজপত্রের অভাবে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা পাকিস্তানের কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড (সিএনআইসি) পাচ্ছেন না। ফলে তাঁরা শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।

নগর নিরাপত্তা ব্যবস্থায় পাকিস্তানের ‘সেফ সিটি’ প্রকল্পের অভিজ্ঞতার প্রশংসা করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কারিগরি ও কৌশলগত সহযোগিতা বাংলাদেশের জন্য উপকারী হতে পারে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রমেও পাকিস্তানের সহযোগিতা চান তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের অব্যাহত সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।

বৈঠকের শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে তিনি সুবিধাজনক সময়ে সফরের আশ্বাস দেন।

- Advertisement -

বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *