‘তথ্য আপা’দের আন্দোলনে ক্ষুব্ধ মন্ত্রণালয়, ‘ব্ল্যাকমেইল’ বললেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। - ফাইল ছবি

আন্দোলনরত ‘তথ্য আপা’ কর্মীদের বিরুদ্ধে সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগ তুলেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, তোমরা যে সরকারের কাছে সাহায্য চাইছো, সেই সরকারকেই এখন বিব্রত, কোণঠাসা ও ব্ল্যাকমেইল করছো। এটাকে ব্ল্যাকমেইলই বলা হয়।

তিনি আরও জানান, প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর প্রক্রিয়া চলছে এবং কর্মীরা এখনও বেকার হয়ে যাননি। আলোচনার দরজা খোলা রয়েছে বলেও জানান তিনি। তবে একইসঙ্গে অভিযোগ করেন, আন্দোলনে বিগত সরকারের সুবিধাভোগীরা ঢুকে পড়েছে এবং আন্দোলনকে রাজনীতিকীকরণ করার চেষ্টা চলছে।

তথ্য আপাদের স্থায়ীকরণের দাবির বিষয়ে শারমিন মুরশিদ বলেন, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি না। এতে একাধিক মন্ত্রণালয় জড়িত। বিষয়টি সময়সাপেক্ষ।” এ অবস্থায় আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “তোমরা রাস্তায় থেকো না, আমি অনুরোধ করছি।” চাকরির নিয়মনীতি মেনে চলার পরামর্শও দেন তিনি।

আলোচনায় অংশ নেওয়া আন্দোলনকারী প্রতিনিধি সঙ্গীতা সরকার বলেন, উপদেষ্টা আমাদের আলোচনায় ডেকে এসে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বিদায় করেছেন। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কথা বললেও কোনো নিশ্চয়তা দেননি।

২৩ দিন ধরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে তথ্য আপা প্রকল্পকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধ।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *