বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিস্টেনসেনের সঙ্গে তার স্ত্রী ডিয়ান ডাওরও বাংলাদেশে এসেছেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
বাংলাদেশে পৌঁছে দেওয়া এক বিবৃতিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে যৌথভাবে কাজ করা যাবে। তিনি জানান, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তার ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
এর আগেও কূটনৈতিক দায়িত্বে বাংলাদেশে কাজ করেছেন ক্রিস্টেনসেন। প্রায় চার বছর আগে তিনি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশে ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপটেনশিয়ারি’ হিসেবে মনোনয়ন দেন। এরপর গত মাসে মার্কিন সিনেট তার নিয়োগে অনুমোদন দেয়।
মার্কিন দূতাবাস সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের আগে সম্প্রতি তিনি রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন। এ উপলক্ষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক পোস্টে তাকে স্বাগত জানায়।
ওই পোস্টে ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ঢাকায় মার্কিন দূতাবাসের মার্কিন ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত দলকে নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করার ব্যাপারে তিনি আগ্রহী। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে চান বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হলেন। তিনিই বাংলাদেশের জন্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত।
