‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্তি নিয়ে ইসি সচিবের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

2 Min Read

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা’ ও ‘শাপলা কলি’ প্রতীক এক নয়। তিনি জানিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে নয়, কমিশন নিজস্ব সিদ্ধান্তে বিধিমালায় ‘শাপলা কলি’ প্রতীকটি অন্তর্ভুক্ত করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘শাপলা’ ও ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে। প্রতীক নিয়ে নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে কমিশন তালিকা সংশোধন করেছে এবং ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করেছে। প্রয়োজনে ভবিষ্যতে তালিকায় আবারও পরিবর্তন আনা হতে পারে।

আগে কমিশন জানিয়েছিল, ‘শাপলা’ প্রতীকটি বিধিমালায় না থাকায় কোনো রাজনৈতিক দলকে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তাই আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ইসি মনে করেছে ‘শাপলা কলি’ প্রতীক রাখা যেতে পারে। এটি কারও দাবির প্রেক্ষিতে নয় এবং কারও সঙ্গে প্রাসঙ্গিকও নয়। একটি দল ‘শাপলা’ প্রতীক চেয়েছিল, তবে ‘শাপলা’ ও ‘শাপলা কলি’ আলাদা প্রতীক। কমিশন মনে করেছে এটি যুক্ত করা যায়, তাই যুক্ত করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, কে চেয়েছে বা কে চায়নি, সেটি গুরুত্বপূর্ণ নয়। ‘শাপলা কলি’ প্রতীকটি যোগ করার সিদ্ধান্ত সম্পূর্ণ কমিশনের। ভবিষ্যতে কমিশন প্রয়োজন মনে করলে আবারও পরিবর্তন আনতে পারবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *