আনিস আলমগীরের সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সম্পাদক পরিষদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সাংবাদিক আনিস আলমগীরকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের এবং গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, ‘গত রোববার সাংবাদিক আনিস আলমগীরকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে আনা হয়। তাকে সেখানে আটকে রেখে পরদিন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। এ ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় নিপীড়নের স্মৃতি উসকে দেয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্পাদক পরিষদ স্পষ্টভাবে জানাচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও ন্যায়বিচারমাফিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, আটকে রাখা, বা সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অনেকেই এখনো কারাগারে রয়েছেন। সম্পাদক পরিষদ এর আগেও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তারা বলেন, ‘সরকার মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। তাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *