অনুমোদিত ছুটি শেষে কর্মস্থলে যোগ না দিয়ে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় চাকরি হারালেন কর পরিদর্শক মো. আব্দুর রউফ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আব্দুর রউফ কর অঞ্চল-১৪, ঢাকার সার্কেল কর পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং সে সময় তিনি যমজ সন্তানের গর্ভধারণের পাশাপাশি জরায়ুতে টিউমারে আক্রান্ত ছিলেন। স্ত্রীকে সেবা দেওয়ার উদ্দেশ্যে রউফ বর্হিঃবাংলাদেশ ছুটির আবেদন করেন। কর্তৃপক্ষ তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২৬ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত দুই মাসের ছুটি মঞ্জুর করে।
নির্ধারিত ছুটি শেষে ২৫ জুন কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি দেশে ফেরেননি। পরবর্তীতে আরও ছয় মাসের বর্হিঃবাংলাদেশ ছুটি বাড়ানোর আবেদন করেন, তবে তা যথাযথ কর্তৃপক্ষ এনবিআর বা অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) না করে নিজের কর্মস্থলে আবেদন করেন, যা বিধি অনুযায়ী গ্রহণযোগ্য নয়।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অনুমোদিত সময়ের অতিরিক্ত ৬০ দিন বা তার বেশি সময় অনুমতি ছাড়া বিদেশে অবস্থানের কোনো সুযোগ নেই। অথচ রউফ ছুটি শেষ হওয়ার তিন মাস পার হলেও কোনো অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এই অনুপস্থিতির কারণে ২০২৩ সালের ২৩ আগস্ট তার ব্যক্তিগত ই-মেইলে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার কথা স্বীকার করলেও তিনি কোনো জবাব দেননি। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয় এবং অভিযোগনামা পাঠানো হলেও তিনি তাতেও কোনো উত্তর দেননি। এমনকি ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হওয়ার বিষয়েও কোনো লিখিত ব্যাখ্যা দেননি।
এরপর তদন্তের জন্য কর অঞ্চল-১৪-এর তত্ত্বাবধায়ক রেঞ্জ-২-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কর কমিশনারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে মো. আব্দুর রউফের বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘ডিজারশন’-এর অভিযোগ প্রমাণিত হয়।
দ্বিতীয় দফা কারণ দর্শানো নোটিশ জারি করলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে শাস্তির বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেওয়া হলে কমিশন চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।
সবশেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(গ) ধারায় ২০২৩ সালের ২৫ জুন থেকে কার্যকরভাবে কর পরিদর্শক মো. আব্দুর রউফকে চাকরি থেকে অপসারণ করা হয়। এই সিদ্ধান্তে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
