সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোরের দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুজন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা–সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
