সায়েন্সল্যাব মোড়ে সোমবার সাত কলেজের শিক্ষার্থীদের গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সাত কলেজের শিক্ষার্থীরা আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিশাল গণজমায়েতের আয়োজন করতে যাচ্ছে। তারা রাষ্ট্রপতির কাছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির এক দফা দাবি জানাবেন এবং মঞ্চ থেকে আন্দোলনের পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার এই তথ্য একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। খসড়া প্রকাশের পর বিভিন্ন পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে মন্ত্রণালয় সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা আয়োজন করে।

পরামর্শের ভিত্তিতে মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে। ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় আশ্বস্ত করেছিলেন, জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে রাষ্ট্রপতির অনুমোদনের কারণে অধ্যাদেশ এখনো জারি হয়নি।

গণজমায়েতের সময় শিক্ষার্থীরা মঞ্চ স্থাপন করবেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি প্রচারণা চালানোর আহ্বান জানানো হবে।

এর আগে, ১৪ ও ১৫ জানুয়ারি শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছিলেন।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা রাজধানীবাসীর কাছে সাময়িক জনদূর্বোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে তারা জোর দিয়েছেন, দীর্ঘদিনের শিক্ষাজীবন ও মানহীন শিক্ষার সংস্কার বাস্তবায়নের জন্য আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত পড়াশোনায় ফিরে যাওয়া সম্ভব হবে না।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *