৪৬তম বিসিএস পরীক্ষার ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে, মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে প্রভিশনালি নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসি তাদের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে। পরীক্ষার ফল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) ও টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে বিস্তারিত জানা যাবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসে মোট ৩১৪০ শূন্য পদের বিপরীতে ১,৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭২, পুলিশ ক্যাডারে ৭৯, এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। এছাড়া, আনসার ক্যাডারে ১৪, কর ক্যাডারে ৩৭, এবং পারিবারিক পরিকল্পনা ক্যাডারে ১৪ জনকে সুপারিশ করা হয়েছে।
কারিগরি ক্যাডার পদগুলোর মধ্যে, স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এছাড়া কৃষি ক্যাডারে ৬৮, মৎস্য ক্যাডারে ২৬ এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে নির্বাচিত করা হয়েছে। অন্যান্য পদে, সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে ৩৩ জন এবং*পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে প্রভিশনাল নিয়োগ সুপারিশ করা হয়েছে।
কমিশন জানায়, এই মনোনয়ন বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী দেওয়া হয়েছে।
তবে, এসব প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হলেও তাদের চাকরি প্রাপ্তির নিশ্চয়তা বা অধিকার প্রদান করা হয়নি। নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত স্বাস্থ্য পরীক্ষা, জীবনবৃত্তান্ত যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নেওয়া হবে।
