প্রগতিশীল চিন্তার পুরোধা সফিউদ্দিন আহমদের প্রয়াণ

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। ছবি - সংগৃহীত।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রগতিশীল বুদ্ধিজীবী অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ মারা গেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেন।

১৯৪১ সালের ১৯ অক্টোবর নরসিংদীর রায়পুরায় জন্মগ্রহণ করেন ড. সফিউদ্দিন আহমদ। রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষে তিনি ঢাকা কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভারতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষকতা ছিল তাঁর আজীবনের সাধনা। নেত্রকোণা কলেজে কর্মজীবন শুরু করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে বরিশালের বিএম কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও সিলেটের এমসি কলেজে অধ্যাপনা করেন। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।

সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ড. সফিউদ্দিন আহমদ ২০১৬ সালে উদীচীর ২০তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হন। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনা বিকাশে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

গবেষক ও প্রাবন্ধিক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। বিশেষ করে ‘ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট’ বিষয়ক তাঁর গবেষণা বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়। উনিশ শতকের বাংলা নবজাগরণ ও বিশ্বসাহিত্য নিয়ে তাঁর বিশ্লেষণ পাঠকসমাজে সমাদৃত।

ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *