সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে অল্প সময়ের মধ্যে রেকর্ড সংখ্যক ১১০টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, স্বাধীনতার পর এক অধিবেশনে এত বিপুল সংখ্যক অধ্যাদেশকে আইনে পরিণত করার ঘটনা সংসদীয় ইতিহাসে নজিরবিহীন।
রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ সংসদে বিল আকারে পাসের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চিফ হুইপ বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশগুলো ৩০ দিনের মধ্যে আইন হিসেবে পাস বা বাতিল করার বাধ্যবাধকতা ছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতেই সংসদ দ্রুত কাজ করেছে।
তিনি জানান, সংসদের প্রথম দিনেই সব অধ্যাদেশ উত্থাপন করা হয়। তবে শুক্র ও শনিবার এবং পরে শবে কদর ও ঈদের ছুটির কারণে কার্যত ১৫ দিন কাজ ব্যাহত হয়। সীমিত সময়ের মধ্যেও কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ কমিটি গঠন করা হয়, যারা ছুটির মধ্যেও একাধিক বৈঠক করে কাজ সম্পন্ন করে।
নূরুল ইসলাম মনি আরও বলেন, প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে বিরোধী দলের পরামর্শে একজন নিরপেক্ষ আইন বিশেষজ্ঞকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
তিনি দাবি করেন, অধ্যাদেশগুলো চূড়ান্ত করতে তিনি ব্যক্তিগতভাবে নির্ঘুম সময় কাটিয়েছেন এবং স্বাধীনতার পর এমন উদ্যোগ আগে দেখা যায়নি।
বিশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২ এপ্রিল ১১০টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়। বাকি অধ্যাদেশগুলোর বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
