সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জীবনাবসান

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
দবিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

দবিরুল ইসলাম ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক জীবনের শুরু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিয়ে হলেও পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।

ঠাকুরগাঁও-২ আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল রেকর্ড রয়েছে তাঁর। ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি। পরে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। ওই বছরের ৩ অক্টোবর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর চলতি বছরের মে মাসে তিনি জামিনে মুক্তি পান। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

দবিরুল ইসলামের ছেলে ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন। বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তাঁকে প্যারোলে মুক্তির আবেদন করেছে পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে দবিরুল ইসলামের দাফন সম্পন্ন হতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *