করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো:

2 Min Read
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে দেশের রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ করিডোরে যুক্ত হওয়া গেলে বাংলাদেশ থেকে ট্রাকে করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চীনে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।

শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এখন এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, আগামী দিনে দেশে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, প্রচলিত নিয়ম অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে আইনের শাসন ও সামাজিক চুক্তি দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামসহ বিচার বিভাগ ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *