মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে, জানালেন শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের পরিপ্রেক্ষিতে গত সোমবার থেকে এ শ্রমবাজার চালু হয়েছে।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। বৈঠকে সিলেটের উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অবদান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের শ্রমবাজারও উন্মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের বৈঠক দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *