ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি তাঁকে প্রদান করা হয়।

দলীয় সূত্র জানায়, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর মুক্তিযুদ্ধকালীন অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দলের প্রাথমিক সদস্যসহ সব স্তরের পদ সাময়িকভাবে স্থগিত থাকবে আগামী তিন মাস।

গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। তিনি জবাব দেওয়ার জন্য সময় চাইলে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার তিনি লিখিত জবাব জমা দেন।

চিঠিতে তাঁকে টেলিভিশন অনুষ্ঠান বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে দেশের মর্যাদা, দলের নীতি ও জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে কারণ দর্শানোর নোটিশের জবাবে ফজলুর রহমান লিখেছেন, “আমার দল বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ আমি করিনি এবং করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বের বিচার-বিবেচনার প্রতি আমার সর্বোচ্চ আস্থা আছে। সুবিচার পাব বলে আশা করি এবং দলের বৃহত্তর স্বার্থে যেকোনো সিদ্ধান্তের প্রতি সর্বদা অনুগত থাকব।”

প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *