বন্দরে ১৪ হাজার কনটেইনার, এক সপ্তাহ লাগবে স্বাভাবিক হতে

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

চট্টগ্রাম বন্দর হয়ে ইউরোপ ও আমেরিকায় রপ্তানির অপেক্ষায় থাকা ১৪ হাজার ৩৭১টি কনটেইনার কাস্টমস কর্মকর্তাদের দুদিনের ‘শাটডাউন’ কর্মসূচির কারণে ১৯টি বেসরকারি ডিপোতে আটকে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে নজিরবিহীন জট এবং রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের বাধা।

গত শনিবার ও রোববার শুল্কায়ন বন্ধ থাকায় বন্দর ও ডিপোগুলোতে ৩ হাজার ৬০০ ট্রাক ও কার্ভাডভ্যান আটকা পড়ে। এর ফলে রোববার নির্ধারিত সময়েও অন্তত ৩ হাজার ৬৮০ কনটেইনার জাহাজে তোলা সম্ভব হয়নি। তিনটি জাহাজ অলসভাবে জেটিতে বসিয়ে রাখতে হয়।

আজ সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় ওই তিনটি জাহাজসহ পাঁচটি জাহাজ বন্দর ছাড়ার কথা রয়েছে। রপ্তানিকারকেরা আজ এই কনটেইনারগুলো তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

সরকার এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে কঠোর অবস্থান নেওয়ার পর রোববার রাত থেকে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা ফের কাজে যোগ দেন। এতে করে ডিপোগুলোতে ধীরে ধীরে কার্যক্রম শুরু হলেও জমে থাকা কনটেইনার ও পণ্যবাহী যানবাহনের জট স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, দুই দিনের শুল্কায়ন স্থবিরতায় ডিপোগুলোতে ১৪ হাজার ৩৭১ একক রপ্তানি কনটেইনার জমে গেছে। পাশাপাশি বাইরে রপ্তানি পণ্য নিয়ে অপেক্ষমান রয়েছে আরও ৩ হাজার ৬০০ গাড়ি।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল বলেন, প্রতিদিন গড়ে ২,২০০ থেকে ২,৫০০ কনটেইনার ডিপো থেকে বন্দরে পাঠানো সম্ভব। সেই হিসেবে পুরো জট স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ লাগবে।

এনবিআরের সংস্কার কর্মসূচিকে কেন্দ্র করে গত ১২ মে থেকে একটানা আন্দোলন করে আসছিলেন কাস্টমস কর্মকর্তারা। এতে রাজস্ব আদায় ও সেবা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতির জটিলতায় শীর্ষ ১৩টি ব্যবসায়ী সংগঠনের নেতারা সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ চাইলে, মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হন আন্দোলনকারীরা।

বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আন্দোলনের কারণে এতে বড় হোঁচট লেগেছে।

ব্যবসায়ীদের আশঙ্কা, জাহাজ কর্তৃপক্ষ অপেক্ষা না করলে রপ্তানি পণ্য পাঠাতে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

- Advertisement -

চট্টগ্রাম কাস্টমসে ফের চালু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *