রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে এ জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।
এর আগে, ১৮ মে থাইল্যান্ড সফরে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালে সংঘটিত এক ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়, যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পরদিন সোমবার (১৯ মে) নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর আজ আদালতে শুনানির পর জামিন মঞ্জুর করেন বিচারক।
