পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার পেছনে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের যোগসূত্র থাকার অভিযোগ তুলেছেন।
শাহবাজ শরিফ মঙ্গলবার এক্স (আগের টুইটার) পোস্টে লিখেছেন, ইসলামাবাদের সঙ্গে আফগান সীমান্তের একটি ক্যাডেট কলেজেও হামলা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, এই ঘটনাগুলো ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের বড় উদাহরণ। একই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ঘটনাটি এমন সময় ঘটেছে যখন ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছিল। একই সময়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল।
স্থানীয় গণমাধ্যম ডনের বরাত দিয়ে বলা হয়েছে, ইসলামাবাদের জেলা আদালত ভবনের পাশে গাড়িতে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। পাশাপাশি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় অবস্থিত একটি ক্যাডেট কলেজে সন্ত্রাসীরা হামলা চালায়। এই সময় অন্তত ৫০০ শিক্ষার্থী কলেজের ভিতরে আটকা পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পাকিস্তানের আইএসপিআর সূত্র জানিয়েছে, কলেজের ভিতরে তিন সন্ত্রাসী এখনও লুকিয়ে আছে।
আরও পড়ুন : পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
