খালেদা জিয়ার মতই সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করছেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রচার শুরু করলেন।

বুধবার রাতে সিলেট পৌঁছে সরাসরি মাজারে যান তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি বাসযোগে রাত ৯টার দিকে মাজার প্রাঙ্গণে পৌঁছান এবং দলের নেতাকর্মীদের সঙ্গে জিয়ারত সম্পন্ন করেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান। তাকে বহনকারী বিমান রাত ৭টা ৫৮ মিনিটে সিলেটে অবতরণ করে। সফরে তার সঙ্গে রয়েছেন ১৩ সদস্যের প্রতিনিধি দল, যার মধ্যে আছেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এদিন সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির রাজনৈতিক উপদেষ্টা ও মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকেই তারেক রহমানের নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে তিনি গভীর রাতে মাজার জিয়ারত করেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।

সিলেট সফর শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, প্রায় ২২ বছর পর তারেক রহমান আবার সিলেট সফরে গেলেন। সর্বশেষ তিনি জেলা বিএনপির কর্মী সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট গিয়েছিলেন। বিএনপির দীর্ঘদিনের রীতি অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করা হয়। সেই ধারাবাহিকতাতেই এবার সিলেট থেকেই প্রচার শুরু করলেন তারেক রহমান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *