বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগের মধ্যেই মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান। প্রায় একই সময়ের ব্যবধানে তারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
রাত ৯টার পর প্রথমে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কিছুক্ষণ অবস্থান শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তার পরপরই হাসপাতালে যান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং কয়েক মিনিট অবস্থান করে বের হয়ে আসেন। সর্বশেষ হাসপাতালে প্রবেশ করেন বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-ফুসফুসের জটিলতা এবং বিভিন্ন ক্রনিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। এরপর এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
দীর্ঘদিন ধরেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন বিএনপি নেত্রী। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা।
