যৌন হয়রানি: দেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না মঞ্জুরুল

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম, ছবি - সংগৃহীত।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মঞ্জুরুল ইসলাম দেশের ক্রিকেট-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে আর যুক্ত থাকতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যালোচনা করছে এবং প্রতিবেদনের আলোকে প্রয়োজন মনে করলে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ২০২২ সালের বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অশোভন আচরণ করেছেন। অভিযোগে তিনি জানান, মঞ্জুরুল ইসলাম তার কাছে আপত্তিকর প্রশ্ন করেছেন, অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করেছেন এবং ব্যক্তিগত শারীরিক বিষয় বিশেষ করে পিরিয়ড সংক্রান্ত প্রসঙ্গে অশালীন মন্তব্য করেছেন।

অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনে জাহানারা আলমের আনা চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রমাণিত অভিযোগগুলো সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী ‘অসদাচরণ ও হয়রানি’ হিসেবে গণ্য হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *