জুলাই সনদ, সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপের দাবি এনসিপির

মহিউদ্দিন, নগর প্রতিবেদক :

1 Min Read
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: এনসিপির ফেসবুক পেজ

জুলাই সনদ, রাষ্ট্রীয় সংস্কার, বিগত ফ্যাসিবাদী সরকারের সংশ্লিষ্টদের বিচার এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সরকার এবং রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের আস্থা ফেরাতে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারকে একযোগে জুলাই সনদ, সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পক্ষেই রয়েছে এনসিপি।

এ সময় ৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ নিয়ে আইএসপিআর-এর পদক্ষেপের দেরির বিষয়ে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই তালিকা যদি ঘটনার পরপরই প্রকাশ করা হতো, তবে সেনাবাহিনীর বিরুদ্ধে অযথা নেতিবাচক মন্তব্যের সুযোগ থাকত না। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও বলেন, সামরিক বাহিনীর সঙ্গে রাজনীতির যে সংযোগ বা অনুপ্রবেশ, তা অতীতে ওয়ান-ইলেভেনের মতো ঘটনার জন্ম দিয়েছে। এগুলো কখনোই রাষ্ট্র বা জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। তাই প্রত্যেককে যার যার সাংবিধানিক সীমার মধ্যে থেকেই দায়িত্ব পালন করা উচিত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *