জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশে বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে শীর্ষ নেতাদের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ বিষয়টি তুলে ধরেন।
শফিকুর রহমান বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। তাদের বাড়ি-ঘর ও পরিবারও হুমকির সম্মুখীন। অনেকেই আহত হয়েছেন, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, যারা নির্বাচনে জয়ী হয়েছেন, তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা উচিত। গণতান্ত্রিক উত্তরণের শুরু যদি বিরোধী দল ও মতপ্রকাশকারী মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা লজ্জার। এভাবে চললে আমরা বাধ্য হব কঠিন পদক্ষেপ নিতে।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। কিছু আসনে ভোট গণনার সময় ঘষামাজা করা হয়েছে এবং ফল পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশন ভিন্ন আচরণ করছে এবং ফ্যাসিবাদী প্রক্রিয়া চালানো হয়েছে।
শফিকুর রহমান বলেন, আমরা শান্তির পথে রয়েছি। আমরা চাই দেশে পুরনো ধারার রাজনীতি ফিরে না আসুক। আমাদের তরুণ সমাজ আমাদের ওপর দায়িত্ব দিয়েছে, আমরা তাদের কথা রাখব। নাগরিকদের অধিকার রক্ষায় আমরা কোনও ছাড় দেবো না।
তিনি সতর্ক করে যোগ করেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু নির্বাচনে যা হয়েছে তার প্রতিকার চাইবার অধিকার আমাদের আছে।
