কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশা শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস সড়ক হয়ে নিজ গন্তব্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতরা সবাই কুষ্টিয়ার খাজানগর এলাকার বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আমেনা খাতুন (৬৫), কমেলা খাতুন (৬২), সিএনজি চালক জাকারিয়া সরকার (৪০), আশরাফুল (২৮) ও তার স্ত্রী শিরিনা খাতুন (২০)।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
