রাজশাহীতে ৫ অদম্য নারীকে বিভাগীয় সম্মাননা

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী প্রতিনিধি :

2 Min Read

সমাজে নানা প্রতিকূলতা, বৈষম্য ও চ্যালেঞ্জ অতিক্রম করে নিজেদের অদম্য সাহস ও কর্মদক্ষতার মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তাঁরা। এই অদম্য লড়াইয়ের স্বীকৃতি হিসেবে রাজশাহী বিভাগের পাঁচ নারীকে সম্মাননা দিয়েছে বিভাগীয় প্রশাসন।

বুধবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মোট পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে এই অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার রিজু তামান্না।

সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম।

​এ ছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে পাবনা সদর উপজেলার মোছা. লতা খাতুন, সফল জননী হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার রাশেদা বেগম এবং নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে রাজশাহীর চারঘাট উপজেলার রাজিয়া খাতুনকে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, এই নারীরা সমাজের জন্য দৃষ্টান্ত। তাঁদের জীবনযুদ্ধ অন্যদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। প্রতিকূলতাকে জয় করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, এই পাঁচ নারী তা প্রমাণ করেছেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *