রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টা ১২ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এ বছর কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান পুরস্কৃত হয়েছেন।
দুপুরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এবারের মেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে আয়োজন চলবে ১৫ মার্চ পর্যন্ত। কর্মদিবসে বেলা ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
এ বছর ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, মোট ইউনিট ১ হাজার ১৮টি। গত বছরের তুলনায় প্রকাশকের সংখ্যা কমলেও ইউনিট সংখ্যা উল্লেখযোগ্য। লিটল ম্যাগাজিনের জন্য আলাদা ‘লিটল ম্যাগ চত্বর’ রাখা হয়েছে, যেখানে ৮৭টি লিটল ম্যাগ অংশ নিচ্ছে। শিশুপ্রহর, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত আয়োজন থাকবে।
আয়োজকেরা মেলাকে ‘জিরো ওয়েস্ট বুক ফেয়ার’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। পলিথিন ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য চিত্ররঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই, কাইয়ুম চৌধুরী ও নতুন প্রবর্তিত সর্দার জয়নউদ্দীন স্মৃতি পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা রাখা হয়েছে।
