নড়াইলে কলেজ ছাত্রের ঘরে স্নাইপার, পলাতক বাবা-ছেলে

1 Min Read

নড়াইলের কালিয়া উপজেলায় এক কলেজ ছাত্রের ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী, তবে এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার (৮ জুন) ভোররাতে উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে সোহান মোল্যা (২৬) নামের এক কলেজ ছাত্রের ঘর থেকে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করে। সোহান স্থানীয় আবুল কালাম মোল্যার ছেলে এবং খুলনার একটি কলেজে পড়াশোনা করছেন বলে জানিয়েছে তার পরিবার।

উদ্ধার করা রাইফেলটি ৪.৫ ক্যালিবারের, এতে টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার সংযুক্ত ছিল। সেনাবাহিনী অস্ত্রটি পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

সেনাবাহিনীর বরাতে ওসি আরও বলেন, সোহান এই অস্ত্র ব্যবহার করে স্থানীয়দের হুমকির মুখে ফেলছিলেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল ও কালিয়ার সেনা ক্যাম্প যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলে রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত। অভিযানের সময় সোহান ও তার বাবা বাড়ি থেকে পালিয়ে যান।

তল্লাশিকালে সোহানের ঘরের বিছানার নিচে লুকানো অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

এদিকে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয় এবং উৎসুক জনতা সোহানের বাড়ি ঘিরে ভিড় জমায়। বর্তমানে বাড়িটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *