সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা জাতীয় সংসদে তার স্বামী বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং বিচার দাবি করেছেন।
সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এসময় গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
লুনা বলেন, দীর্ঘ সময় পার হলেও গুম হওয়া ব্যক্তিদের পরিবার এখনও তাদের স্বজনদের খোঁজ জানে না। তিনি উল্লেখ করেন, ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ যারা নিখোঁজ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখনও জানতে চান, তাদের প্রিয়জন কোথায়?
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনো নিখোঁজদের অবস্থান বা পরিণতি সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সংসদ সদস্য লুনা গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি গত ১৭ বছরে গুম ও খুনের শিকারদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও তুলে ধরেন।
রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে তিনি বলেন, এতে অতীতের গুম-খুনের চিত্র তুলে ধরা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের নেতৃত্বে এসব ঘটনার অবসান হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে ব্যক্তিগত গাড়িচালকসহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি, যা দেশের অন্যতম আলোচিত গুমের ঘটনা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
