পাথরঘাটায় বৃদ্ধ ভিক্ষুকের নাকের নোলক–দুল ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি - সংগৃহীত।

বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাবেয়া নামের এক বৃদ্ধ ভিক্ষুক। এ সময় তার নাকের নোলক ও কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় কান ছিঁড়ে যাওয়ায় তিনি আহত হন।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ষাটোর্ধ্ব রাবেয়া উপজেলার টাকারখাল গুচ্ছগ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন শহরে ঘুরে মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। সোমবার সকালে ভিক্ষা করার সময় এক ছিনতাইকারী তার নাকের নোলক ও কানের দুল ছিনিয়ে নেয়। এতে তার কান ছিঁড়ে গিয়ে তিনি আহত হন।

ঘটনার পর আহত রাবেয়া বিষয়টি পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আমিন সোহেলকে জানান। পরে তিনি ওই নারীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাংচেনলা জানান, তিনি বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছেন। ঘটনার খবর পাওয়ার পরও এখনো ঘটনাস্থল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের কোনো দল পাঠানো হয়নি। তিনি জানান, ওই নারীকে থানায় নিয়ে আসতে বলা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *