মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ও জাতীয় পর্যায়ে বিদ্যুৎ–জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) থেকে এসব প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সব মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত থাকা ক্লাস ও পরীক্ষাগুলো ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় শুরু করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে রোববার একই কারণে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এখন জরুরি হয়ে পড়েছে। এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
