বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের বিষয়ে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং তারা নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই।
তিনি বলেন, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধ, বিশেষ করে আসন্ন ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়েই বার কাউন্সিল নির্বাচন পেছানো হয়েছে। ঢাকা বার এশিয়ার অন্যতম বৃহৎ বার, যেখানে বিপুলসংখ্যক আইনজীবী রয়েছেন। তাদের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে নির্বাচন স্থগিতের পেছনে বিদ্যুৎ সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, সে প্রশ্ন তুললে আইনমন্ত্রী তা নাকচ করে দেন। তিনি বলেন, আইনের মধ্যে ‘যৌক্তিক কারণ’-এর যে বিধান রয়েছে, তার আওতাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার বার কাউন্সিল নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে এবং একটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক—সেই লক্ষ্যেই কাজ করছে।
তিনি জানান, আইনজীবীদের সুবিধা ও নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে বার কাউন্সিল নিজস্ব বিবেচনায় সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
